গার্মেন্টসে চাকরির সঞ্চয়ে ১৪ শতক জমিতে গড়েছেন শখের আঙুর বাগান

ছেবি : সংগৃহীত।

ময়মনসিংহের ভালুকায় এক তরুণের গল্প এখন অনেকের মুখে মুখে। কোনো কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নয়, তার শেখার জায়গা ছিল ফেসবুক আর ইউটিউব। সেখান থেকেই আঙুর চাষের কৌশল আয়ত্ত করে মো. মোকছেদুল ইসলাম আজ নিজের বাগানে চাষ করেছেন তার সাফল্যের ফল। অন্তত ২০ জাতের আঙুর রয়েছে তার বাগানে।

ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামের বাসিন্দা মোকছেদুল ইসলাম, স্থানীয় মসজিদের ইমাম মো. খুরশেদ আলমের ছেলে। সম্প্রতি কামিল (মাস্টার্স) পরীক্ষা দিয়েছেন তিনি। পড়ালেখার পাশাপাশি ছোটবেলা থেকেই কৃষির সঙ্গে ছিল তার সম্পর্ক। তবে জীবনের বাস্তবতা তাকে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করে। সেই শ্রমের জমানো টাকাই আজ তার স্বপ্নের বাগানের মূল পুঁজি।

গত মঙ্গলবার (৫ মে) দুপুরে তার বাড়িতে গেলে চোখে পড়ে পাকা সড়কের পাশে বড় একটি সাইনবোর্ড আর তার ঠিক পাশেই আঙুরের বাগান। সেখান থেকেই তৈরি হয় চারা, যা দিয়ে বাড়ির পেছনের ১৪ শতক জমিতে গড়ে তুলেছেন ১৮০টি গাছের বাগান। ভ্যালেজ, ডিক্সন, গ্রিন লং, একেলো, ব্ল্যাক রুবি, বাইকুনুর, সামার ব্ল্যাকসহ অন্তত ২০ জাতের আঙুরে এখন সবুজ বাগান ভরে উঠেছে। ডালভর্তি টসটসে আঙুর যেন তার পরিশ্রমেরই প্রতিচ্ছবি।

বাগানে কাজ করতে করতেই নিজের শুরুর গল্প বলেন মোকছেদুল। “শুনতাম আঙুর নাকি টক হয়। শখ করে ২০২২ সালে দুইটা গাছ লাগাই। পরে দেখি কিছুটা মিষ্টি। তখনই মাথায় আসে, মিষ্টি আঙুর কি সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফেসবুক-ইউটিউব ঘাঁটতে শুরু করি।”

সেই খোঁজই তাকে নিয়ে যায় বিভিন্ন গ্রুপ, ভিডিও আর বিদেশি চাষিদের কাছে। ধীরে ধীরে যোগাযোগ করে সংগ্রহ করেন বিভিন্ন জাতের চারা। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার এক বাগানির ভিডিও দেখে নিজেই শিখে ফেলেন চারা উৎপাদনের কৌশল। কয়েক দফায় ২০ জাতের আঙুর সংগ্রহ করে বাড়ির সামনে লাগান। ফলন আসে, মিষ্টতাও আসে। সেই আঙুর খাইয়ে আশপাশের মানুষের প্রশংসাই তাকে বাণিজ্যিক চাষে নামতে উৎসাহ দেয়।

গত বছর ১৮০টি চারা রোপণ করেন তিনি। চলতি বছর সেই বাগানেই এসেছে প্রথম বাণিজ্যিক ফলন। মোকছেদুল জানান, এখন পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। ‘গার্মেন্টসে কাজ করে এই টাকা জোগাড় করেছি। আশা করছি, এবার ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে আঙুর বিক্রি করে দেড় লাখ টাকার বেশি আয় করতে পারবো। পাশাপাশি প্রতি চারা ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখান থেকেও ভালো আয় আসবে।’

তবে চ্যালেঞ্জও কম নয়। সবচেয়ে বড় সমস্যা বৃষ্টি। ফল পাকার সময় অতিরিক্ত বৃষ্টি হলে পচন ধরে। এ সমস্যার সমাধানে বিদেশি প্রযুক্তির দিকে নজর দিয়েছেন তিনি মোকছেদুল বলেন, বাইরে দেখি পলি নেট হাউস ব্যবহার করে। এটা যদি আমরা করতে পারি, তাহলে দেশে বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদন বাড়ানো সম্ভব, এমনকি রপ্তানিও করা যাবে।

তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের মানুষ। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম মিয়া বলেন, এত সুন্দর আর এত জাতের আঙুর এক সঙ্গে আগে দেখিনি। খেতেও খুব ভালো।

এনজিওকর্মী মো. শাহীনুর আলম বাগান ঘুরে এসে বলেন, আঙুর খেয়ে অবাক হয়েছি, এত মিষ্টি! চাকরি শেষে অবসরে গিয়ে আমিও এমন একটা বাগান করতে চাই।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাশেদুজ্জামান নিয়মিত বাগান তদারকি করেন। তিনি জানান, আঙুর একটি সম্ভাবনাময় ফসল। ১৪ শতক জমিতে ১৮০টি গাছ লাগিয়ে ভালো ফলন পাওয়া গেছে। আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি।

ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামানও আশাবাদী। তার মতে, এ অঞ্চলের মাটি ফল চাষের জন্য উপযোগী। আঙুর যেহেতু মিষ্টি হচ্ছে, তাই এর সম্প্রসারণের সুযোগ রয়েছে। সংরক্ষণ ও মিষ্টতা বাড়াতে গবেষণা হলে এটি দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

ফেসবুক-ইউটিউব থেকে শেখা, গার্মেন্টসের কষ্টার্জিত টাকা আর অদম্য ইচ্ছাশক্তি এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে মোকছেদুল ইসলামের আঙুর বাগান। তার গল্প শুধু একটি সফলতার নয়, বরং প্রমাণ করে সুযোগ না থাকলেও শেখার পথ বন্ধ হয় না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুতর অভিযোগে এবার আইনি বিপাকে গায়ক পলাশ

মাইলস্টোন ট্র্যাজেডি : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ, সূচি ঘোষণা

সৌদি আরব থেকে এলো এক লাখ টন তেল, বিকেলে চালু হচ্ছে ইস্টার্ণ রিফাইনারি

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

গার্মেন্টসে চাকরির সঞ্চয়ে ১৪ শতক জমিতে গড়েছেন শখের আঙুর বাগান

১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

নতুন পে-স্কেলে কত শতাংশ বাড়ছে বেতন

রাজধানীতে ৭৩ জন গ্রেপ্তার

১০

৩ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

১১

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১২