হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। প্রিয় লেখকের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে জড়ো হয়েছেন অসংখ্য পাঠক, লেখক ও ভক্ত। ফুলেল শ্রদ্ধা, গান, কবিতা ও স্মৃতিচারণায় তাঁকে স্মরণ করছেন বিভিন্ন বয়সী অনুরাগীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত নুহাশ পল্লীতে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনুরাগীরা। কেউ তাঁর লেখা গান পরিবেশন করেন, কেউ কবিতা আবৃত্তি করেন, আবার কেউ প্রিয় লেখকের সাহিত্যকর্ম ও নানা স্মৃতি নিয়ে আলোচনা করেন। এ আয়োজনে অংশ নেন হিমু পরিবহনের সদস্যরাও।

সকালে স্বামীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

প্রিয় লেখকের জন্মদিনে নুহাশ পল্লীতে আসা ভক্ত মনিকা বলেন, ‘হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো আজও আমাদের মুগ্ধ করে। তাঁর জন্মদিনে স্মৃতিগুলো ধরে রাখতে এখানে এসেছি। তিনি এই জায়গায় বসেই বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন।’

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, হুমায়ূন আহমেদ শুধু একজন সাহিত্যিক নন, তিনি অসংখ্য মানুষের আবেগ ও ভালোবাসার অংশ। তাঁর মৃত্যুর পরও মানুষের হৃদয়ে অবস্থান কতটা গভীর, নুহাশ পল্লীতে দর্শনার্থীদের উপস্থিতিই তার প্রমাণ। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে প্রচুর মানুষ আসেন।

তিনি আরও বলেন, নুহাশ পল্লীকে ঘিরে দর্শনার্থীদের প্রত্যাশা অনেক। এখানে আসা পাঠক ও লেখকদের সেই প্রত্যাশা পূরণে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে। বছরের বিশেষ দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি থাকে।

সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদান

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে তাঁর শিক্ষাজীবন কাটে। বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রিও লাভ করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ তাঁকে সাহিত্যাঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নিজস্ব ধারার সৃষ্টি করেন। তাঁর জনপ্রিয় চরিত্র, সহজ ভাষার গল্প বলার ধরন এবং জীবনঘনিষ্ঠ উপস্থাপনা তাঁকে পাঠকের হৃদয়ে বিশেষ জায়গা করে দেয়।

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। তাঁর ইচ্ছা ও ভালোবাসার স্মৃতিবিজড়িত গাজীপুরের নুহাশ পল্লীতেই তাঁকে সমাহিত করা হয়।

তাঁর সৃষ্ট সাহিত্য, নাটক ও চলচ্চিত্রের মধ্য দিয়ে আজও পাঠক-দর্শকের হৃদয়ে বেঁচে আছেন হুমায়ূন আহমেদ। তাঁর ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের এই মিলনমেলা যেন সেই ভালোবাসারই প্রতিচ্ছবি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।