সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে শিখা চিরন্তনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) দিনের শুরুতে প্রথমে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে একই স্থানে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও নীরবতা পালন করে শহীদদের প্রতি সম্মান জানান।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশপ্রেম ও পেশাদারত্বই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। অন্যদিকে প্রধানমন্ত্রী ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগ স্মরণে ভোর থেকেই শুরু হয়েছে দিবসের নানা কর্মসূচি। ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।


সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, টাঙ্গাইলের ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাসসহ বিভিন্ন ঘাঁটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজগুলো বিশেষভাবে সজ্জিত করে নোঙর করে রাখা হবে। শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সাধারণ মানুষ এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই দিবসটির আয়োজনের অন্যতম তাৎপর্য।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জন্মদিনে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১

আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের বিএনপি কার্যালয়

২

শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে

৩

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নতুন কাঠামো, দুই ফরম্যাটে বাবর-সালমান

৪

৮ দফায় সাড়ে ২৮ হাজার টাকা কমল স্বর্নের দাম

৫

‘ইত্যাদি’র নতুন পর্ব ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে

৬

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-ভ্যান্সের মতপার্থক্য প্রকাশ্যে

৭

জান্নাতের প্রাসাদ লাভ করতে শীতকালে যে ৪ আমল করবেন

৮

আকর্ষণীয় বেতনে ইবনে সিনায় চাকরি

৯

নড়াইলে সাবেক এমপি ও মেয়রের বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

১০

ধানমন্ডিতে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-ছেলের মৃত্যু

১১

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।