অটোরিকশাচালকদের সমাবেশে অংশ না নেওয়ায় তার ছেঁড়ার অভিযোগ

অটোরিকশাচালকদের সমাবেশে অংশ না নেওয়ায় তার ছেঁড়ার অভিযোগ

স্বল্প গতির ব্যাটারিচালিত যানবাহন বা ই-রিকশা চলাচল নীতিমালা-২০২৬ সংশোধনসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা অটোরিকশাচালকরা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে চালকরা সেখানে জড়ো হতে শুরু করেন।

 সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে আয়োজকদের। তবে আন্দোলনে অংশ না নিয়ে সড়কে অটোরিকশা চালানো নিয়ে কয়েকজন চালককে বাধার মুখে পড়তে হয়েছে। সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনে সমাবেশ চললেও আশপাশের সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল। এ সময় সমাবেশে যোগ না দিয়ে গাড়ি চালানোর কারণে কয়েকজন চালককে বাধা দেন আন্দোলনকারীদের একাংশ। একপর্যায়ে কয়েকটি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে। 

এতে আন্দোলনে অংশ না নেওয়া চালকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমাবেশে অংশ নেওয়া শ্রমিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে ই-রিকশা চলাচল নীতিমালার শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র বিনিয়োগের জন্য ক্ষতিকর ধারাগুলো সংশোধন, সারা দেশে অভিন্ন নীতিমালা প্রণয়ন এবং বিআরটিএর মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দেওয়ার ব্যবস্থা করা। পাশাপাশি চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ, নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা করা এবং বর্তমানে চলাচলরত যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিও রয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করা মিটারের সংযোগ বিচ্ছিন্ন বন্ধ এবং আগে বিচ্ছিন্ন করা সংযোগ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। 

নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সব অংশীজনের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন, সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি এবং ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ কমিটিতে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও তুলে ধরেন তারা। একই সঙ্গে ই-রিকশা বিক্রিতে সুলভ মূল্য নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে তাদের দাবিতে। 

সড়কে লেন পদ্ধতি কার্যকর করা, সার্ভিস লেন তৈরি, রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের জন্য নির্ধারিত স্ট্যান্ড এবং পর্যাপ্ত চার্জিং স্টেশন নির্মাণের দাবিও জানিয়েছেন চালকরা। এ ছাড়া ব্যাটারিচালিত যানবাহনসংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাদের জীবিকা সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি রয়েছে। 

ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া, বর্তমানে চালু থাকা গ্যারেজগুলোকে নতুন শর্ত ছাড়াই ট্রেড লাইসেন্স প্রদান এবং শ্রমিকদের বিনা জামানতে সর্বোচ্চ এক অঙ্কের সুদে ব্যাংকঋণ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু, অসাধু বাজার সিন্ডিকেট ভেঙে রিকশার যন্ত্রাংশ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বিদ্যুৎ বিল, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

দাবির শেষ অংশে ব্যাটারিচালিত যানবাহনে শ্রমিকদের বিনিয়োগ করা ক্ষুদ্র পুঁজি সুরক্ষার পাশাপাশি পর্যায়ক্রমে মানুষকে প্যাডেলচালিত বাহনের কষ্টসাধ্য শ্রম থেকে মুক্ত করার কথা বলা হয়েছে। সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারিসহ কয়েক হাজার অটোরিকশাচালক উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার সরকারের আমলে বিশেষ একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হত : প্রধানমন্ত্রী

১

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় পেছাল

২

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার,আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

৩

৭ নভেম্বর - কি ঘটেছিলো? কেন ঘটেছিলো? গয়েশ্বর চন্দ্র রায় এর একান্ত সাক্ষাৎকার

৪

প্রথম বিদেশভ্রমণ: অচেনা পৃথিবীর পথে স্বপ্ন, রোমাঞ্চ ও নতুন অভিজ্ঞতা

৫

দিল্লি হাইকমিশনের দাবি ,শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের ‘অথরাইজেশন’ নেই

৬

নির্বাচনে পরাজয়ে ইরানকে দায়ী করলেন ট্রাম্প, অভিবাসন নীতিতেও ভিন্ন সুর

৭

শ্রমিক পক্ষের দাবি ৩২ হাজার ,মালিকপক্ষ সময় চায় ৪ দিন

৮

জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ডাচেস অব এডিনবার্গ সোফি

৯

ফাঁসির আসামি হাসিনা, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতা, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং

১১

অটোরিকশাচালকদের সমাবেশে অংশ না নেওয়ায় তার ছেঁড়ার অভিযোগ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।