ময়মনসিংহে বাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।