ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই সিনেমা মুক্তি দিয়ে থাকেন নির্মাতা-প্রযোজকরা। যা ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় সিনেমাপ্রেমীদের। একইসঙ্গে ঈদের সময়ও বেশ উপভোগ্য হয়ে উঠে। সেই ধারাবাহিকতায় এবারও নতুন সিনেমা নিয়ে বেশ সরগরম দেশের চলচ্চিত্র অঙ্গন। ঈদকে কেন্দ্র করে শুরুতে আলোচনায় ছিল ১৫টিরও বেশি সিনেমা। কিন্তু রমজানের শেষ মুহূর্তে কিছুটা ছোট হয়ে এল সেই তালিকা।
এবার ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে রয়েছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’ সিনেমা। ইতোমধ্যেই এসব সিনেমাকে ঘিরে ঢালিউডে শুরু হয়েছে নানা আলোচনা ও চর্চা। কোথাও প্রকাশ পেয়েছে ঝলকচিত্র, কোথাও আবার ঝলকচিত্র প্রকাশের ঘোষণায় বাড়ছে দর্শকের অপেক্ষা। একইসঙ্গে সিনেমাগুলো ঘিরে বাড়ছে দর্শকের কৌতূহল।
প্রিন্স:
ঈদের সিনেমা মানেই অনেকের কাছে পর্দায় শাকিব খানের দাপট। তার নতুন সিনেমা মুক্তি মানেই ভক্তদের মাঝে আলাদা উচ্ছ্বাস। এবারের ঈদেও সেই প্রত্যাশা রয়েছে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। গ্যাংস্টার ঘরানার সিনেমাটি ঘিরে শুরু থেকেই রয়েছে আলোচনা।
সম্প্রতি সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। এতে এক অন্য শাকিব খানের দেখা মিলেছে। গ্যাংস্টার লুকে দেখা দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন ঢালিউড সুপারস্টার। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ।
প্রেশার কুকার:
গত বছরের কুরবানির ঈদে ‘তাণ্ডব’ সিনেমা মুক্তির পর কিছুটা নীরব ছিলেন নির্মাতা রায়হান রাফী। এবারের ঈদে তার নতুন সিনেমা আসবে এমন ঘোষণা আগে শোনা যায়নি। তবে হঠাৎ করেই সিনেমার কাজ শেষ করে ঈদে মুক্তির ঘোষণা দেন তিনি। তার নতুন সিনেমার নাম ‘প্রেশার কুকার’।
সিনেমাটি সম্পূর্ণ প্রস্তুত করেই দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন নির্মাতা। সম্প্রতি প্রায় দেড় মিনিটের একটি ঝলক প্রকাশ করা হয়েছে। নির্মাতা এটিকে ঝলক না বলে নাম দিয়েছেন ‘প্রথম বাঁশি’। সেখানে চার নারী চরিত্রের টানাপোড়েন, রহস্য আর নানা সংকটের আভাস মিলেছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
দম:
দীর্ঘদিন ধরেই নিরলসভাবে কাজ করছে ‘দম’ সিনেমার দল। কিছুদিন হলো শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। পোস্টার প্রকাশের পর সম্প্রতি এসেছে সিনেমাটির ঝলকচিত্র। ঝলকে উঠে এসেছে উদ্বেগ, নির্যাতন ও সংগ্রামের গল্প। শেষ মুহূর্তে শোনা যায় আফরান নিশোর কণ্ঠে একটি সংলাপ—‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।
বনলতা এক্সপ্রেস:
‘উৎসব’-খ্যাত নির্মাতা তানিম নূর এবার ঈদে নিয়ে আসছেন ‘বনলতা এক্সপ্রেস’। ইতোমধ্যেই সিনেমাটির পোস্টার, ঝলকচিত্র ও গান প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পর প্রশংসাও কুড়াচ্ছে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ঝলকে দেখা গেছে মায়াবী আবহ আর রহস্যময়তার এক ভিন্ন মিশ্রণ।
সম্প্রতি প্রকাশ পাওয়া ‘চাইতেই পারো’ গানটিও দর্শকের মধ্যে আলোচনা তৈরি করেছে। গানটি জনপ্রিয় ব্যান্ড অর্থহীন’র বহুল পরিচিত গান, যা এই সিনেমায় ব্যবহার করা হয়েছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা ও শামীমা নাজনীনসহ আরও অনেকে।
রাক্ষস:
‘বরবাদ’ সিনেমা দিয়ে প্রথম কাজেই আলোচনায় আসেন নির্মাতা মেহেদি হাসান হৃদয়। বড় আয়োজনে সিনেমা নির্মাণ করে তিনি দর্শকের নজর কাড়েন। এবারের ঈদে তিনি নিয়ে আসছেন ‘রাক্ষস’। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন সিয়াম আহমেদ। গল্পটি মূলত এক পাগলাটে প্রেমের, যার সঙ্গে যুক্ত হয়েছে পারিবারিক টানাপোড়েন।
মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন, ‘বরবাদ’ সিনেমার তুলনায় এ সিনেমাটিতে তিনগুণ বেশি সহিংসতা রয়েছে। গত বছরের ডিসেম্বরে ঢাকায় শুরু হয় সিনেমাটির শুটিং। পরে শ্রীলঙ্কায় হয়েছে বড় অংশের কাজ। বর্তমানে শুটিং শেষ হয়েছে এবং চলছে পরবর্তী নির্মাণকাজও। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই এর ঝলকচিত্র প্র্রকাশ করা হবে। তারপর পর্যায়ক্রমে প্রকাশ করা হবে পোস্টার ও গান।