প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপসংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ সামনে আসার পর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা থেকে সরে এসেছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোট। সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান-কে বিষয়টি নিশ্চিত করেছেন জোটটির একাধিক সূত্র।
এ ঘটনায় ‘চেঞ্জ’ জোটের কয়েকজন নেতা একে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে শিন বেটের প্রধান ডেভিড জিনি এবং মোসাদের প্রধান রোমান গোফম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
এদিকে ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন আইজেনকোট। তার নেতৃত্বাধীন জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও রয়েছে।
কান-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেসেটের শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের পর সমঝোতার সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়ে।
এ ছাড়া ইরান ইস্যুতে আলোচনার জন্য গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও আইজেনকোটের অসন্তোষ রয়েছে। সম্প্রচারমাধ্যমটির তথ্য অনুযায়ী, সফরের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের বৈঠক হলেও তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে রোববার চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় থেকে সরবরাহ করা তথ্যের ভিত্তিতে ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইসরায়েলি মুসলিম রাজনৈতিক দল রা'আম পার্টির কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, তদন্তের সময় গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পুলিশ সেই পরামর্শ উপেক্ষা করে ব্যবস্থা নেয়। পরবর্তী সময়ে জানা যায়, তথ্যটির উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন সহকারী।
চ্যানেল ১২ আরও জানিয়েছে, বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে শিন বেট প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন নাকচ করে দেন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের আসন কমে যায়। অন্যদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট সম্মিলিতভাবে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পায়।
বর্তমানে আরব দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকোটের সরকার গঠনের সুযোগ রয়েছে। নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি দেড় মাস সময় পাবেন। এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু।
অন্যদিকে আরব দলগুলো জানিয়েছে, নেতানিয়াহু ও তার উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতার বাইরে রাখতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দিতে প্রস্তুত।