বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।
গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬-দুটি আসনেই জয়লাভ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এবং উপ-নির্বাচনের তফসিল দেয়।
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনে ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।
অন্যদিকে, প্রার্থীর মৃত্যুজনিত কারণে জাতীয় নির্বাচনের আট দিন আগে স্থগিত হওয়া শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচনও আজ অনুষ্ঠিত হচ্ছে। নতুন তফসিল অনুযায়ী এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর একজন প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। শেরপুর-৩ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।
দুটি আসনেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।