ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ। প্রতিদিনের মতো সেখানে দায়িত্ব পালন করেন এক সাধারণ সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। তবে দায়িত্ব পালনের পাশাপাশি তার আরেকটি নীরব অভ্যাস ছিল—প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকা। সেই দৃশ্য নীরবে লক্ষ্য করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। অবশেষে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে কিছু উপহার তুলে দেন। এ সময় তিনি আব্দুস সালামের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবরও নেন।

আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ী ঘাট এলাকায়। অর্থাভাবে গত আট মাস ধরে তিনি রাজধানীর পুরাতন রমনা থানার সামনের একটি ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। এর আগে তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর তিনি আর গাড়ি চালাতে পারেন না। এরপর থেকেই গাড়ির স্টিয়ারিং ছেড়ে সিকিউরিটি গার্ডের কাজ নেন। অসুস্থ শরীর নিয়েই বিরতিহীনভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন আব্দুস সালাম পুরাতন রমনা থানার সামনে বুথের কাছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকেন। তার এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ একসময় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনকে ওই ব্যক্তির খোঁজখবর নিতে উপহারসহ সেখানে পাঠান।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে, এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে এবং প্রধানমন্ত্রী তার জন্য উপহার পাঠাবেন।

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকেও ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিনই তাকে সালাম দিই। তিনিও গাড়ির ভেতর থেকে হেসে আমার সালামের জবাব দেন। হাত নেড়ে শুভেচ্ছাও জানান। আজ আমার জীবনের সেরা দিন, সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন—এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে।

একজন সাধারণ মানুষের নীরব ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক সাড়া স্থানীয়দের মধ্যেও প্রশংসার জন্ম দিয়েছে। তাদের ভাষ্য, দায়িত্ব পালনের পাশাপাশি একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির এমন মূল্যায়ন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১১

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২