ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গত ২২ ফেব্রুয়ারি জারি করা প্রশাসক নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিতের আবেদনটি আদালতে টেকেনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।গত ৪ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ছয়জন এ রিট আবেদন করেন।
রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়।গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ২৫ক ধারার উপ-ধারা (১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী তারা সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এফএইচ/এমআইএইচএস