লোহিত সাগরের পাশে অবস্থিত ইয়েমেনের হোদেইদা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় সেখানে সাতজন আহত হয়েছেন। আজ সোমবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হুথি বিদ্রোহীরা।
হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি এক্সে এক পোস্টে এ নিয়ে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোট লোহিত সাগরের রাস ইসা বন্দরে প্রথমে হামলা চালায়। এতে সেখানে থাকা চার বেসামরিক মানুষ আহত হন। এরপর তারা বাজিল জেলার একটি তেল স্থাপনাকে টার্গেট করে। সেখানে আহত হন আরও তিনজন। তারাও বেসামরিক ব্যক্তি বলে জানিয়েছেন এ হুথি কর্মকর্তা।
মক্কায় হুথি-ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির, অস্বীকার হুথিদের
তিনি বলেছেন, “তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া তারা ইয়েমেনে বেসামরিক ও গুরত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যেসব যুদ্ধাপরাধ সংঘটিত করেছে, এটি তার আরেকটি সংযোজন।”
গত জুলাইয়ে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের নতুন করে লড়াই শুরু হয়। এরফলে ইয়েমেন আবারও গৃহযুদ্ধের কবলে পড়েছে। এতে নতুন করে দেশটিতে আবারও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সালে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করে হুথিরা। ২০২২ সাল পর্যন্ত হামলা চালিয়েও হুথিদের তারা হটাতে পারেনি। ওই বছর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও চলতি বছরের জুলাইয়ে এটি আবার ভেস্তে যায়।
সূত্র: টাইমস অব ইসরায়েল