পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্যদিকে, দুজন সদস্য ১৮ হাজার টাকার পক্ষে মত দেন।

বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘ আলোচনা হলেও সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে পারেনি। পরে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

সভা শেষে এক ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সম্মতিতে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মতপার্থক্য থাকায় ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটে বোর্ডের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন শ্রমিক প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা।

বোর্ড চেয়ারম্যান জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যেসব শ্রমিক নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে। এতে সব পর্যায়ের শ্রমিক নতুন মজুরি কাঠামোর সুফল পাবেন।

এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনায় চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

চেয়ারম্যান আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে পরিশোধিত বেতনে শ্রমিকরা নতুন কাঠামোর মজুরি পাওয়ার কথা।

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধি ছিলেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তবে বোর্ডের এই সিদ্ধান্ত সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণের প্রস্তাব গ্রহণের বিষয়। চূড়ান্তভাবে নতুন মজুরি কার্যকর করতে মন্ত্রণালয়ের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া ও গেজেট প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১

ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধের নির্দেশ, নেটফ্লিক্সকে কড়া বার্তা

২

১ ও ৫ লিটারে কত টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

৩

জিয়াউলের অপরাধ সমুদ্রের মতো বিশাল, মৃত্যুদণ্ড ‘শিশির কণা’: অ্যাটর্নি জেনারেল

৪

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৫

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

৬

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

৭

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৮

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত, ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরও ১৩

৯

গাজীপুরে ফের সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বন্ধ কয়েকটি কারখানা

১০

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা : এনসিটিবি চেয়ারম্যান

১১

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।