মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় চীনা প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী। মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (ইনভেস্ট বাংলাদেশ) এবং চীনের দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক সই হয়। অন্যদিকে, অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে আরেকটি সমঝোতা স্মারক সই হয়। এতে সিআরসিসির পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাই হেগেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করায় চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। এ সহযোগিতার মাধ্যমে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।