ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ঘোষিত অবরোধ উপেক্ষা করে পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ নিরাপদে বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে। একটি সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে অপরিশোধিত তেল বহনকারী ওই জাহাজ দুটিতে কোনও ধরনের হামলা বা বাধা দেয়ার ঘটনা ঘটেনি।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি অপরিশোধিত তেল বহনকারী পাকিস্তানের পতাকাবাহী ওই দুটি জাহাজের কোনও ধরনের বাধা ছাড়াই লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি অতিক্রমের তথ্য জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, আফ্রাম্যাক্স শ্রেণির তেলবাহী জাহাজ দুটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়। পুরো যাত্রাপথে জাহাজগুলোর ট্র্যাকিং ব্যবস্থা চালু ছিল।
উইন্ডওয়ার্ড জানিয়েছে, গত ২০ জুলাই হুথিদের অবরোধ ঘোষণার পর থেকে চীনের সঙ্গে সংশ্লিষ্ট নয়—সৌদি-সংশ্লিষ্ট এমন তেলবাহী জাহাজগুলো হয় হামলার শিকার হয়েছে, নয়তো আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে বিকল্প পথে চলাচল করতে বাধ্য হয়েছে।
এর মধ্যেই পাকিস্তানের পতাকাবাহী দুটি জাহাজের নিরাপদে বাব আল-মান্দেব প্রণালি অতিক্রমের ঘটনা ঘটল।
এর কয়েক দিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের সতর্ক করে বলেছিল, পাকিস্তানের পতাকাবাহী কোনও জাহাজে হামলা হলে সেটিকে দেশের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় হরমুজ প্রণালি অন্যতম প্রধান ইস্যু। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগে বিশ্বের দৈনিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ এ নৌপথ দিয়ে পরিবহন হতো। সংঘাত শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে এ অঞ্চলে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এছাড়া গত ২০ জুলাই থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের বন্দরগুলোর দিকেও অবরোধ জারি করেছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার পর লোহিত সাগরের এ পথটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে ওঠে। তবে গত এক সপ্তাহে একের পর এক জাহাজে হামলার ঘটনায় এ পথও ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এমন অবস্থায় মঙ্গলবার ইয়েমেন উপকূলের কাছে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে এবং পরে সেটি ডুবে যায় বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহনমন্ত্রী। অবশ্য জাহাজে থাকা ১৪ জনকেই উদ্ধার করা হয়েছে।
আর এর মধ্যেই সৌদি আরব থেকে অপরিশোধিত তেল বহনকারী পাকিস্তানের পতাকাবাহী দুটি জাহাজ তাদের ট্র্যাকিং ব্যবস্থা চালু রেখেই নিরাপদে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করল।