নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০০ বোতল (১৮০ লিটার) বিদেশি মদসহ ৬ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- হবিকুল (২৫), রুবেল হাসান (২৯), রাকিব (২২), মো. মিজানুর রহমান (২৮), ফারুক মিয়া (২৮) ও নূর ইসলাম হোসেন সবুজ (২৭)।
এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য প্রাইভেটকার যোগে সিলেট টু ঢাকা মহাসড়ক ধরে ভোলতা-গাউছিয়ার দিকে আসছে। এ সময় সিপিসি-৩ এর আভিযানিক দল রূপগঞ্জ থানার ঘোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট চুঙ্গির পাড় এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
এ সময় ঢাকাগামী প্রাইভেটকার চেকপোস্টের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রাইভেটকারটি গতিরোধ করা হয়। এক পর্যায়ে প্রাইভেটকারে থাকা ৬জনকে আটক করা হয়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ পরিবহন করে সিলেট হতে ঢাকার দিকে যাচ্ছিলো। পরবর্তীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল (১৮০ লিটার) অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা হইতে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।
এসআরবি জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।