আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ইং, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮। সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসিজদে নববীতে জুমার নামাজের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রখ্যাত দুই আলেম। এ দিন ২৯ রবিউল আউয়াল উপলক্ষে পবিত্র দুই মসজিদের জুমার নামাজের ইমাম ও খতিবদের নাম ঘোষণা করেছে ধর্মবিষয়ক প্রেসিডেন্সি।
ঘোষিত সূচি অনুযায়ী, আজ শুক্রবার মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেবেন শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকলি। আর মদিনার মসিজদে নববীতে জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন ড. হুসাইন বিন আবদুল আজিজ আল-শেখ।
প্রতি সপ্তাহের মতো আজও জুমার নামাজ ও খুতবা বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা পবিত্র দুই মসজিদের জুমার খুতবা ও নামাজের সঙ্গে সরাসরি যুক্ত থাকার সুযোগ পাবেন।
মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেয়ার দায়িত্বে থাকা শায়খ ড. মাহের আল-মুয়াইকলি অন্যতম পরিচিত ইমাম ও খতিব। তার সুমধুর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং হৃদয়স্পর্শী খুতবা বিশ্ব মুসলিমবাসীর কাছে খুবই পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমামতি করে আসছেন। তার তেলাওয়াত বরাবরই মুগ্ধ করে মুসলিমদের। বিশেষ করে পবিত্র রমজান মাসে তার ইমামতিতে তারাবিহ ও কিয়ামুল লাইলের নামাজ বিশ্বের বিবিন্ন প্রান্তের মুসলিমদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।
এদিকে এদিন মদিনার মসজিদে নববীতে জুমার নামাজে ইমামতি ও খুতবা দেবেন শায়খ ড. হুসাইন বিন আবদুল আজিজ আল-শেখ। তিনি মসজিদে নববীর বিশিষ্ট ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি জ্ঞান, ফিকহ ও দাওয়াহর ব্যাপারে বেশ পরিচিত। সাধারণত তিনি খুতবায় ঈমান, তাকওয়া, নৈতিকতা, মুসলিমদের পারস্পরিক দায়িত্ব এবং সমকালীন নানা ব্যাপারে ইসলামের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ বিশ্ব মুসলিমবাসীর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। প্রতি শুক্রবার বিশ্বের নানা প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লি পবিত্র দুই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন।