হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, হরমুজ নিয়ে এমন মন্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল হবে। ইরানকে রক্ষা করার মতো মানুষ রয়েছে, যারা ‘আপনার পা ভেঙে দেবে’।
রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
হাতামি বলেন, ‘এ ধরনের মন্তব্য নিয়ে রসিকতা করা বড় ভুল। কারণ এটি ইরান, আর এর এমন রক্ষক রয়েছে যারা আপনার পা ভেঙে দেবে।’
তিনি আরও বলেন, মার্কিন বাহিনীকে কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাদের পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি নেই।
ইরানের সেনাপ্রধান বলেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই এ ধরনের পরিস্থিতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি প্রণালিটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য এলো।