৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে আগামী পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের আওতায় এনে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনে গতি বাড়ানো, যানজট কমানো এবং দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল ও বন্দরগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের পরিকল্পনায় দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক করিডরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকার রামপুরা-ডেমরা ১৩ কিলোমিটার, জয়দেবপুর-ময়মনসিংহ ৮৫ কিলোমিটার, গাবতলী-নবীনগর ২৪ কিলোমিটার এবং রংপুর-ভোগড়া ২৬০ কিলোমিটার সড়কপথ।

সড়ক যোগাযোগ উন্নয়নের এই উদ্যোগ বাস্তবায়নে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জন্য ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনা সমন্বয় করে তৈরি করা হয়েছে একটি অ্যাকশন ম্যাট্রিক্স। এতে এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি গ্রামীণ সড়ক পাকা করা, গুরুত্বপূর্ণ নদীর ওপর সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহনব্যবস্থার আধুনিকায়ন এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসের মধ্যে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের মানচিত্র তৈরি করা হবে। যানবাহনের চাপ, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনায় নিয়ে এসব করিডর নির্বাচন করা হবে। পাশাপাশি সম্ভাব্য সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তাও চিহ্নিত করা হবে।

পরিকল্পনায় এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর পাঁচ বছরের কর্মপরিকল্পনায় জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের সব জেলার মধ্যে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহন সহজ করার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।’

মন্ত্রী আরও জানান, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব এবং জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল। শিল্পকারখানার কাঁচামাল সরবরাহ, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, কৃষিপণ্য পরিবহন এবং দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী চলাচলে সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিন্তু গুরুত্বপূর্ণ অনেক মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়কের সীমিত সক্ষমতা, বাজার ও জনবসতিতে যানজট এবং দুর্বল সংযোগব্যবস্থার কারণে পরিবহন ব্যয় ও সময় দুটোই বাড়ছে।

এ পরিস্থিতিতে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়িত হলে দীর্ঘপথে দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে দেশের পণ্য পরিবহনব্যবস্থা আরও কার্যকর হওয়া, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার সম্ভাবনা রয়েছে।

সূত্র: বাসস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১

‘ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড নেই’

২

প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব, ইউটিউবে দেখা যাবে পরদিন

৩

ডেঙ্গু ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯১০

৪

হিসাব পেশাজীবীদের অযাচিত চাপের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির আহ্বান রাষ্ট্রপতির

৫

নারী-শিশুদের সহায়তায় নতুন নীতিমালার খসড়া, সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়ার প্রস্তাব

৬

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

৭

সাভার-আশুলিয়ায় কমেছে বন্ধ কারখানার সংখ্যা, স্বাভাবিক হচ্ছে পোশাক উৎপাদন

৮

‘সীমান্তের ওপার থেকে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

৯

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

১০

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

১১

হিজাব-পাগড়ি পরে সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা, নতুন বিতর্কের মুখে কানাডা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।