‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

ছবি : সংগৃহীত।

নির্বাচনী অঙ্গীকারে অগ্রাধিকারে থাকা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন বিএনপি সরকার। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদের সমন্বয়ে বাস্তবায়ন কমিটি চার দিনের মাথায় এই কার্যক্রমের চূড়ান্তকরণের ঘোষণা দিতে যাচ্ছে। দুই-এক দিনের মধ্যে এই কার্যক্রমের অগ্রগতি জানানো হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নিজে এই কার্যক্রমের অগ্রগতি তদারকি করছেন।

এ ছাড়া কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী কখন অফিসে আসছেন সেই খোঁজখবর নিচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় দেশের আট বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলক (পাইলট) ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হবে। 

এরই অংশ হিসেবে আজ সোমবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। তবে শুরুতে ঢাকার বাইরে একটি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কার্যক্রম শুরু হবে।

মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ঢাকার বাইরে বগুড়া জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কার্যক্রম শুরু  হতে পারে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন কালের কণ্ঠকে বলেন, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল (আজ) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। ঢাকার বাইরে কোনো একটি জেলা থেকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের মন্ত্রিসভার একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। 

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও ড. মাহদী আমিন, মন্ত্রিপরিষদসচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এই কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করেন। আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সেই লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে। এক দিন আগেই প্রাথমিক প্রতিবেদন চূড়ান্ত করে কমিটি।

গত বৃহস্পতিবার আন্ত মন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে যে, এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে, যা প্রচলিত অন্যান্য সামাজিক ভাতার চেয়ে অন্তত দ্বিগুণ। 

সরকার আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের ৫০ শতাংশের বেশি যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা সহায়তা ও নিত্যপণ্যের বিশেষ সুবিধা পাবে।

এদিকে রমজানের সময়সূচি অনুযায়ী সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি অফিসে আসেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে এসে খোঁজখবর নেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন। প্রধানমন্ত্রী সবাইকে মৌখিক নির্দেশনা দিয়েছেন, যাতে নির্দিষ্ট সময়ে তাঁরা অফিসে উপস্থিত হন। 

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দপ্তরে এরপর দুই দিন অফিস করেন। গত শনিবার ছুটির দিন তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন।’

তিনি বলেন, ‘এক সাংবাদিক ক্যামেরা তাক করে বসে আছেন, প্রধানমন্ত্রী অফিসে প্রবেশের ছবি তুলবেন। কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, সেটা ওই সাংবাদিক জানেন না।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর হলেন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও

নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

২,২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সম্ভাবনাময় খেলাগুলো পাবে বিশেষ গুরুত্ব

উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

রাষ্ট্রপতিকে অপসারণচেষ্টা যেভাবে ব্যর্থ হয়

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশনা, না হলে দিতে হবে ভাড়া

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীনগরে সন্ত্রাসীদের হামলায় ১০ জন গুলিবিদ্ধ

১০

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

১১

নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা

১২