পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষণা করা সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। পরে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, বিগত ১৭ বছর ধরে যারা রাজপথে ছিলেন এবং যারা নির্যাতিত, প্রধানমন্ত্রী তাদের বেছে নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় তাকে প্রার্থী হিসেবে বেছে নেয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এরপর গত ১ অক্টোবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বিষয়টি সামনে আসে।
এরই ধারাবাহিকতায় ওইদিন দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরবর্তীতে একই দিন আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে গেজেট প্রকাশ করা হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।