দেশীয় চলচ্চিত্রের সংকট কাটিয়ে সৃজনশীল ও মানসম্মত সিনেমা নির্মাণে সরকারি অনুদান নীতিমালা সংস্কারের দাবি জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তার মতে, একসঙ্গে অনেক ছবিকে অনুদান দেওয়ার পরিবর্তে ধাপে ধাপে অর্থায়ন এবং চিত্রনাট্য যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রকল্প নির্বাচন করা প্রয়োজন। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ভালো সিনেমা নির্মাণের সুযোগও বাড়বে। দেশীয় চলচ্চিত্রের সংকট ও উত্তরণের উপায় নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন এই নির্মাতা।
অমিতাভ রেজা বলেন, সৃজনশীল চলচ্চিত্রের বিকাশে সরকারি অনুদান গুরুত্বপূর্ণ। কারণ, যেসব চলচ্চিত্র সাধারণ বাণিজ্যিক অর্থায়নে নির্মাণ করা কঠিন, সেগুলোর জন্য দেশে দেশে বিভিন্ন ধরনের তহবিল গঠন করা হয়। বিশেষ করে সৃজনশীলতার বিকাশ এবং জাতীয় চলচ্চিত্রের পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অনুদান দেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও স্বচ্ছতা না থাকলে নানা সমস্যা তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। তাঁর মতে, শুধু অনুদানের সংখ্যা বাড়ালেই হবে না, বরং কোন ধরনের চলচ্চিত্রকে অনুদান দেওয়া হচ্ছে এবং কীভাবে প্রকল্প নির্বাচন করা হচ্ছে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
একবারে নয়, ধাপে ধাপে অনুদানের প্রস্তাব
সরকারি অনুদান ব্যবস্থায় পরিবর্তন আনতে আগে একটি প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান অমিতাভ রেজা। তার প্রস্তাব অনুযায়ী, একটি চলচ্চিত্র নির্মাণের জন্য একবারে পুরো অর্থ বরাদ্দ না দিয়ে কয়েকটি ধাপে অর্থায়ন করা যেতে পারে।
প্রথম ধাপে নির্বাচিত প্রকল্পগুলোকে চিত্রনাট্য উন্নয়নের জন্য অর্থ দেওয়া হবে। এরপর চিত্রনাট্য তৈরি হলে সেগুলো আবার যাচাই করা হবে। যেসব চিত্রনাট্য মানসম্মত ও সম্ভাবনাময় বলে বিবেচিত হবে, সেগুলোকে দেওয়া হবে নির্মাণের জন্য অর্থ। সবশেষে প্রয়োজন অনুযায়ী পোস্ট-প্রোডাকশনের জন্য অর্থায়ন করা হবে।
এই পদ্ধতির ব্যাখ্যা দিয়ে নির্মাতা বলেন, ২০টি প্রকল্পকে প্রাথমিকভাবে চিত্রনাট্য উন্নয়নের জন্য অর্থ দেওয়া যেতে পারে। এরপর সেগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা প্রকল্পগুলোকে পরবর্তী ধাপে নেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে অর্থায়ন করা হলে চলচ্চিত্রের মান উন্নত হওয়ার সম্ভাবনা বাড়বে।
এফডিসিকে আধুনিক করার তাগিদ
চলচ্চিত্রে অর্থায়নের বিকল্প উৎস তৈরির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (এফডিসি) আধুনিকায়নের ওপরও জোর দেন অমিতাভ রেজা চৌধুরী। তার মতে, চলচ্চিত্র নির্মাণের জন্য এফডিসির যে অবকাঠামো ও সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোকে যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন। পুরোনো ব্যবস্থার আধুনিকায়ন করে চলচ্চিত্র নির্মাতাদের জন্য আরও কার্যকর পরিবেশ তৈরি করা যেতে পারে।
এ ক্ষেত্রে শুধু অবকাঠামো আধুনিক করলেই হবে না, সেগুলো পরিচালনা ও ব্যবহারের জন্য দক্ষ এবং উপযুক্ত জনবল তৈরি করাও জরুরি বলে মনে করেন তিনি। পাশাপাশি চলচ্চিত্র খাতে অর্থায়নের নতুন পথ তৈরি এবং বিদ্যমান সুযোগ-সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই নির্মাতা।