বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতা, ন্যূনতম মজুরি পর্যালোচনা এবং এর প্রভাবে শ্রমিকদের জীবন-জীবিকা ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর সৃষ্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে আইএলও জানায়, ন্যূনতম মজুরি পর্যালোচনার লক্ষ্যে সরকারের উদ্যোগে মজুরি বোর্ড গঠনকে তারা স্বাগত জানায়। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণের প্রক্রিয়াকে গ্রহণযোগ্য ও কার্যকর করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইএলও বলেছে, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যাদের বড় একটি অংশ নারী। এ খাতে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিল্পপ্রতিষ্ঠানের স্থায়িত্ব এবং সুস্থ শিল্পসম্পর্ক নিশ্চিত করতে নিয়মিত ও গঠনমূলক সামাজিক সংলাপ প্রয়োজন।
সংস্থাটি আরও উল্লেখ করেছে, ন্যূনতম মজুরি নির্ধারণবিষয়ক আইএলও কনভেনশন ১৩১ অনুযায়ী মজুরি নির্ধারণ ও নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্ভরযোগ্য তথ্য এবং বাস্তবভিত্তিক বিশ্লেষণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার পরিবর্তন এবং শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের প্রয়োজন বিবেচনায় নেওয়া জরুরি।
একই সঙ্গে উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পপ্রতিষ্ঠানের টিকে থাকার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছে আইএলও। এ ছাড়া জাতীয় পর্যায়ের মজুরি কাঠামো, সামাজিক সুরক্ষা সুবিধা, শিল্পের সামর্থ্য এবং সমাজের অন্যান্য শ্রেণির জীবনযাত্রার মানও মজুরি নির্ধারণে বিবেচ্য বলে জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে পুরো সরবরাহব্যবস্থা বা সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এবং পণ্য ক্রয়ের নীতিমালা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক ও উন্নত কর্মপরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে। একই সঙ্গে এটি পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
বর্তমান পরিস্থিতিতে সুস্থ শিল্পসম্পর্ক বজায় রাখার জন্য শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা, সংগঠন করার অধিকার এবং যৌথ দরকষাকষির অধিকারকে সম্মান জানানোর ওপর জোর দিয়েছে আইএলও।
অন্যদিকে, সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এসব ঘটনার কারণে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সামগ্রিক শিল্পসম্পর্কের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব পক্ষকে উত্তেজনা প্রশমনের পাশাপাশি সংলাপ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে আইএলও। এর মাধ্যমে ন্যূনতম মজুরি বোর্ডকে নিজস্ব দায়িত্ব ও এখতিয়ার অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
মজুরি নীতিমালা উন্নয়নে বাংলাদেশ সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা, তথ্য-উপাত্ত, দক্ষতা উন্নয়ন এবং আলোচনার মাধ্যমে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।
এ ছাড়া তিন পক্ষের সম্মিলিত অংশগ্রহণে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এবং নারী-পুরুষের সমতা বিবেচনায় একটি জাতীয় মজুরি নীতিমালা প্রণয়নে সহযোগিতা করতে প্রস্তুত আইএলও। সংস্থাটির প্রত্যাশা, এমন নীতিমালা মজুরি নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি শিল্পের স্থায়িত্ব এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক জোরদারে সহায়ক হবে।