ইরানে রোববার হামলা চালানোর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ঘোষণা থেকে সরে এসেছেন তিনি। জানিয়েছেন, এদিন ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।
আল জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানে হামলা চালানো হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না। আজ কোনো হামলা হবে না।’
এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছালে ইরান নতুন করে হামলার মুখে পড়া এড়াতে পারে। তবে রোববার হামলা না চালানোর কথা জানালেও পরবর্তী সময়ে সামরিক পদক্ষেপ নেয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেয়ার পথে বাধা সৃষ্টি করছে। তবে তিনি জানিয়েছেন, ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে আগ্রহী।
প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধের অবসানে দুই দেশের মধ্যে আলোচনা চলমান থাকলেও সমঝোতায় অনিশ্চয়তা রয়েছে।