নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহতের মা বাদি হয়ে মাধবদী থানায় এ মামলা দায়ের করেন।
একই রাতে জেলা পুলিশ ও র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর যৌথ অভিযানে মাধবদীর কোতালীরচর হোসেন বাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, কোতালীরচর এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মো. এবাদুল্লাহ (৪০), একই এলাকার মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০), মাধবদী হোসেন বাজার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান (৬৫) ও তাঁর ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, নিহতের মা ৯ জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।
এর আগে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়ন-এর কোতালিরচর দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমেনা আক্তার (১৫) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা।
কাজের কারণে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নূরার নেতৃত্বে ৫-৬ জন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। গত বুধবার রাত ৯টার দিকে ভুক্তভোগীকে নিয়ে তার খালার বাড়ি যাচ্ছিলেন তার বাবা।
বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচ যুবক মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা বাহিনী যেন এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে সব অপরাধীকে গ্রেপ্তার করে এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করে।’
তিনি আরো বলেন, ‘অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমিনার পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন।’
এ ছাড়া জেলা জামায়াতে ইসলামী সভাপতি মোসলেহ উদ্দীন ও সাধারন সম্পাদক আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদী জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন জনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ, শোক ও নিন্দা জানিয়েছেন। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানান তারা।