জাপানে পিএইচডি করার আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি। বিশ্ববিদ্যালয়ের স্পেশাল স্কলারশিপ প্রোগ্রা (এসএসপি)-এর আওতায় ২০২৭ শিক্ষাবর্ষে প্রকৌশল বিষয়ে গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছর মেয়াদি পিএইচডি করার পাশাপাশি পাবেন মাসিক বৃত্তি, টিউশন ফি মওকুফ এবং জাপানে যাওয়ার প্রাথমিক খরচের জন্য আর্থিক সহায়তা। গবেষণার মাধ্যম ইংরেজি হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগটি আরও আকর্ষণীয়।
এসএসপি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার জাপানি ইয়েন জীবনযাত্রার খরচ হিসেবে দেওয়া হবে। এই সুবিধা পাওয়া যাবে টানা তিন বছর।
এ ছাড়া বছরে ৫ লাখ ৩৫ হাজার ৮০০ ইয়েনের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। এনরোলমেন্ট ও পরীক্ষার ফিও মওকুফের সুযোগ রয়েছে, যার পরিমাণ সর্বোচ্চ ৩ লাখ ১৫ হাজার ইয়েন পর্যন্ত হতে পারে।
জাপানের বাইরে অবস্থানরত নির্বাচিত শিক্ষার্থীদের যাতায়াত ও প্রাথমিক স্থানান্তর ব্যয়ের জন্য এককালীন ১ লাখ ৫০ হাজার ইয়েন দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীর কমপক্ষে ১৮ বছরের শিক্ষা সম্পন্ন করে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তবে মাস্টার্স শেষ করার প্রক্রিয়ায় থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ভর্তির সময় বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল ও গবেষণার সক্ষমতা থাকতে হবে।
ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে টোফেল আইবিটি-তে কমপক্ষে ৭২ অথবা আইইএলটিএস-এ ৫.৫ স্কোর প্রয়োজন। সমমানের ইংরেজি ভাষার পরীক্ষার ফলও গ্রহণযোগ্য।
আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
আবেদনকারীদের সর্বোচ্চ দুই পৃষ্ঠার মোটিভেশন লেটার, ইউরোপাস ফরম্যাটের সিভি, ডিগ্রি সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রেডিং পদ্ধতির ব্যাখ্যা, ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ, সুপারিশপত্র এবং বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজি অথবা জাপানি ভাষায় থাকতে হবে। অন্য ভাষায় থাকা নথির ক্ষেত্রে অনুমোদিত অনুবাদ প্রয়োজন হতে পারে।
সুপারভাইজারের অনুমোদন
এই স্কলারশিপে সরাসরি পূর্ণাঙ্গ আবেদন করা যাবে না। প্রথমেকোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর এসএসপি সুপারভাইজার তালিকা থেকে গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একজন সুপারভাইজার নির্বাচন করে অনলাইন প্রি-অ্যাপ্লিকেশনের মাধ্যমে যোগাযোগ করতে হবে। বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক আবেদনের অন্তত আট সপ্তাহ আগে এই প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিয়েছে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুজন সুপারভাইজারের কাছে আবেদন করতে পারবেন।
সুপারভাইজার গবেষণার বিষয়ে সম্মতি দেওয়ার পরই পূর্ণাঙ্গ আবেদন করার সুযোগ মিলবে। অর্থাৎ সুপারভাইজারের অনুমোদন ছাড়া চূড়ান্ত আবেদন করা যাবে না। যোগাযোগের পর দুই সপ্তাহের মধ্যে কোনো সুপারভাইজারের কাছ থেকে উত্তর না এলে আবেদনটি প্রত্যাখ্যাত হয়েছে বলে ধরে নিতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ সময়
২০২৭ সালের এপ্রিলের দ্বিতীয় দফার ভর্তি এবং অক্টোবর ২০২৭-এর প্রথম দফার ভর্তির জন্য আবেদনের শেষ সময় ১৬ অক্টোবর ২০২৬। অক্টোবর ২০২৭-এর দ্বিতীয় দফার ভর্তির জন্য আবেদন করা যাবে ১০ এপ্রিল ২০২৭ পর্যন্ত।
প্রথম দুই রাউন্ডের বাছাই ও সাক্ষাৎকার অক্টোবর-নভেম্বর ২০২৬-এর মধ্যে হবে এবং ফল প্রকাশের কথা ডিসেম্বরের মাঝামাঝি। চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।
অক্টোবর ২০২৭-এর দ্বিতীয় রাউন্ডে বাছাই ও সাক্ষাৎকার হবে এপ্রিল-মে ২০২৭ এবং ফল প্রকাশ হবে জুনের মাঝামাঝি। এ রাউন্ডে চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ জুলাই ২০২৭।
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে হবে কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজির অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে। তবে আবেদন শুরুর আগে অবশ্যই এসএসপি সুপারভাইজার তালিকা থেকে উপযুক্ত একজন সুপারভাইজারের সম্মতি নিতে হবে।
বিস্তারিত যোগ্যতা, সুপারভাইজার তালিকা, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে।