বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ছবি: সংগৃহীত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার মধ্যে আজ অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

আজ থেকে আলিম পরীক্ষাও

একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে। আজ অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র। এরপর ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র, ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্র, ২৯ আগস্ট হাদিস ও উসূলুল হাদিস, ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত আলিম পরীক্ষা শেষ হবে।

গত ৯ আগস্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

আলিম পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সূচি অনুযায়ী, ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর ২৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিনই বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের লক্ষ্যে গত ১৯ আগস্ট দেওয়া বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষা শেষে কোনো ধরনের বিলম্ব না করে উত্তরপত্র একই দিনে সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের (জিইপি) মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার, ঢাকা-১২১১ ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

উত্তরপত্র যথাযথভাবে প্যাকেটজাত ও সিলগালা করে নির্ধারিত নিয়মে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। উত্তরপত্র পাঠানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বোর্ডকে অবহিত করতে বলা হয়েছে। এ বিষয়ে ১৩ আগস্ট জারি করা আগের পত্রটি বাতিল করা হয়েছে। 

ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড ব্যবহারিক উত্তরপত্রে লেখার নির্দেশনাও দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

১০

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

১১

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১২