অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গত বছর কন্যার বাবা হয়েছেন, এ খবর পুরনো। এ বছরের ফেব্রুয়ারিতে মেয়ের ছবি প্রকাশ্যে আনেন অভিনেতা। সে সময়ের অধিকাংশ খবরে লেখা হয়েছিল, গেল ডিসেম্বরের ১২ তারিখ অপূর্বর মেয়ে আনায়ার জন্ম হয়েছে।
তবে সেই তথ্য সঠিক নয়। প্রায় এক বছর পর ‘ভুল’ ভাঙালেন অভিনেতা। অপূর্ব জানালেন, আজ (১৫ অক্টোবর) তার মেয়ের জন্মদিন।
এ উপলক্ষে মেয়ের দুটি ছবি প্রকাশ করেছেন অপূর্ব। সেখানেই অপূর্ব স্পষ্টভাবে বলেছেন, তার মেয়ে আনায়া গত বছরের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিল।
মেয়ের জন্য বিশেষ বার্তায় অপূর্ব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সত্যিই বুঝতে পারি না, দেখতে দেখতে সময়টা কীভাবে পেরিয়ে গেল! ঠিক এক বছর আগে আজকের এই দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে, আর মুহূর্তেই সবকিছু বদলে দিয়েছিলে অপার সৌন্দর্যে।’
মেয়ের বেড়ে ওঠা দেখতে পারাই যেন অপূর্ব ও তার স্ত্রী শাম্মা দেওয়ানের কাছে পরম প্রাপ্তি। অভিনেতা লেখেন, ‘তোমার বেড়ে ওঠা, নতুন নতুন জিনিস আবিষ্কার করা, আর তোমার মিষ্টি হাসি ও আনন্দে আমাদের ঘর ভরিয়ে তোলা—এসব দেখা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের সেই প্রথম মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের রানির মুকুট পরে আছো।’
সবশেষে মেয়েকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপূর্ব লেখেন, ‘তোমার জীবন যেন সব সময় তোমারই মতো উজ্জ্বল, মায়াময় আর অমূল্য হয়ে থাকে।’
প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। তার আগে ২০১১ সালে অদিতিকে বিয়ে করেছিলেন অভিনেতা, এই সংসারে রয়েছে এক ছেলে আয়াশ। এছাড়া অদিতির আগেও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব, সে সংসার অবশ্য বেশিদিন টেকেনি।