বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা।
পদত্যাগ করা কমিশনাররা হলেন মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।
এর আগে দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের ক্ষোভ এবং কমিশনের অভ্যন্তরীণ অসন্তোষের কথা শোনা যাচ্ছিল। এরইমধ্যে তাদের এ পদত্যাগের ঘটনা ঘটল।
এদিকে ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন কমিশনার হিসেবে নিয়োগ পান মু. মহসীন চৌধুরী। এরপর ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে নিয়োগ পান।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে কর্মবিরতিসহ আন্দোলন করে আসছিলেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীরা বিভিন্ন সময় তার পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ আন্দোলন করছিলেন।